The Sangbad · সাধারণ
রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প, ভুল সতর্কবার্তায় জাপানে আতঙ্ক
১৬/১০/২০২৬

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভূ-পৃষ্ঠের গভীরে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই কম্পনের কারণে তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৪০ কিলোমিটার (৮৬.৯৯ মাইল) গভীরে, যা ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে, এ ঘটনায় সমুদ্রে কোনো সুনামির ঝুঁকি নেই।এদিকে এই ভূকম্পন নিয়ে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) একটি মারাত্মক ভুল ইমার্জেন্সি অ্যালার্ট জারি করে বড় ধরনের বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ায়। তারা ভুলবশত দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড ৯.৯ মাত্রার অতি-শক্তিশালী ভূমিকম্পের পূর্বসংকেত পাঠিয়ে দেয়।পরবর্তীতে বিএএনও নিউজের তথ্যানুযায়ী, জেএমএ সংশোধন করে জানায় যে প্রকৃত পরিমাপে কম্পনের মাত্রা ছিল ৬.৯। উল্লেখ্য, যন্ত্রে রেকর্ডকৃত মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ঘটেছিল ১৯৬০ সালে চিলির ভালদিভিয়াতে, যার মাত্রা ছিল ৯.৫।প্রশান্ত মহাসাগরের অতি-ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ে অবস্থিত হওয়ায় কামচাটকা উপদ্বীপে নিয়মিত কম্পন ঘটে থাকে। গত বছরের জুলাইয়েও এলাকাটিতে ৮.৮ মাত্রার প্রলয়ঙ্কারী কম্পন ও সুনামির সৃষ্টি হয়েছিল।/
মূল প্রতিবেদনে যান ↗