ঢাকার ধামরাইয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর তার পরিবারের কাছে ঘুষ দাবি করায় এএসআই আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ওসি নাজমুল হুদা খান। তবে কী অভিযোগে এ বদলি করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। জানা গেছে, সম্প্রতি সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাসী এলাকায় হান্নান মৃধা নামে এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন ওই এএসআই। ভুক্তভোগী হান্নান মৃধার পরিবারের অভিযোগ, আটকের পর তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এ ছাড়া তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। একপর্যায়ে এএসআই আল মামুনকে ১৫ হাজার টাকা দেওয়া হলেও তিনি আরও ১৫ হাজার টাকার জন্য চাপ দেন। পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে গত সোমবার রাতে তাকে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে ওসি নাজমুল হুদা খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাকে ক্লোজড নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা লিখিত আদেশ হাতে পেলে স্পষ্ট হবে।