Published : 14 Oct 2026, 07:36 PM
Updated : 14 Oct 2026, 07:36 PM
পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ কার্ড বিতরণে কোনো অনিয়ম হলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করেই কার্ড দেওয়া হবে, তাই কাউকে কোনো ধরনের তদবির বা অনৈতিক লেনদেন না করার আহ্বান জানান তিনি।
নির্বাচনি প্রতিশ্রুতির কথা বর্ণনা করে তিনি বলেন, “আমরা নির্বাচনে যেসব ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করছি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর ইমাম-মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।”
আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু।
অনুষ্ঠান শেষে দুর্গাপূজা উপলক্ষে সরকারের ত্রাণ বরাদ্দের চালের ডিও এবং পৌরসভার অনুদান বিতরণ করেন প্রতিমন্ত্রী।
