দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে বাংলাদেশে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে ওয়েস্ট ইন্ডিজ দল। মিরপুরের আউটার মাঠে ব্যাটিং, ফিল্ডিং ও ফিটনেস অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। এইদিন মিরপুরের উইকেট পর্যবেক্ষণ করতেও দেখা গেছে ব্যস্ত হেড কোচ ড্যারেন সামিকে।
বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। রোববার (১৮ অক্টোবর) দুই ধাপে বাংলাদেশে পা রাখে ক্যারিবীয়রা। এক দিন বিশ্রাম শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে প্রথমবারের মতো অনুশীলনে নামে ড্যারেন সামির শিষ্যরা।
অনুশীলন করে ফিরছেন ব্র্যান্ডন কিং।
অনুশীলনের শুরুতে ওয়ার্মআপ ও টিম মিটিং সেরে নেন ক্রিকেটাররা। এরপর রানিং, ফিটনেস, ক্যাচিং ড্রিল ও ফিল্ডিং অনুশীলনে নিজেদের ব্যস্ত রাখেন তাঁরা। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি মাঠে নিজেদের প্রস্তুতিও ঝালিয়ে নেন ক্যারিবীয়রা।
অনুশীলনের আগে মিরপুরের উইকেট বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায় হেড কোচ ড্যারেন সামিকে। টেস্ট ক্রিকেটে উইকেটের আচরণ যে ম্যাচের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখে, সেটি ভালোভাবেই জানেন তিনি। তাই ব্যাটারদের অনুশীলনের পাশাপাশি উইকেটের চরিত্র বোঝার চেষ্টাও ছিল তাঁর প্রস্তুতির অংশ।
মাঠের সেন্টার উইকেটের পাশে শিষ্যদের নিয়ে দীর্ঘ সময় স্লিপ ক্যাচিং অনুশীলন করান সামি। টেস্ট ক্রিকেটে ক্যাচিংয়ের গুরুত্ব বিবেচনায় ফিল্ডিংয়ের এই বিশেষ অনুশীলনে বাড়তি মনোযোগ দেয় দলটি।
অন্যদিকে, আসন্ন সিরিজকে সামনে রেখে মিরপুরের নেটে প্রস্তুতি নিতে দেখা গেছে বাংলাদেশের মুমিনুল হক, সাদমান ইসলাম ও এবাদত হোসেনকে। তাঁদের অনুশীলন তদারকি করেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
অনুশীলন করেছেন ৩ জন বাংলাদেশি ক্রিকেটারও।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক পথচলায় এই সিরিজের গুরুত্বও কম নয়। ঘরের মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইও অপেক্ষা করছে স্বাগতিকদের সামনে। তবে বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত থাকায় টেস্ট প্রস্তুতিতে রয়েছে আলাদা সমীকরণ।
সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দুই টেস্টের সিরিজে।
আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় টেস্টের জন্য সিলেটে যাবে দুই দল। সেখানে ৫ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ ম্যাচ, যা শেষ হবে ৯ নভেম্বর।
