মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাবেল শেখ (৭০) ওই গ্রামের মৃত সামসুদ্দিন শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের মধ্যে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত রোববার হাবেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। এর জেরে সোমবার দুপুরে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় ছেলে সাহাবুল ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় ও বাম হাতে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সাহাবুল শেখকে আটক করে। আটকের পর সাহাবুল দাবি করেন, তাঁর বাবা তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছিলেন। নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখে তাঁর ক্ষোভের সৃষ্টি হয় এবং এর জেরেই তিনি বাবাকে হত্যা করেন। এ সময় তাঁর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি এবং ফাঁসি হলেও তাঁর আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।
পিতার সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, অভিযুক্ত সাহাবুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
