কালবেলা · অর্থনীতি
আড়াই হাজার কোটি ডলারের ইরানি তেল রপ্তানি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র: সেন্টকম
১৭/১০/২০২৬

যুক্তরাষ্ট্র অন্তত ২ হাজার ৫০০ কোটি ডলারের ইরানি অপরিশোধিত তেল রপ্তানি আটকে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। শুক্রবার তিনি বলেন, এতে ইরানের আয় কমেছে। এই অর্থ দিয়ে দেশটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), মিত্র সশস্ত্র গোষ্ঠী ও সামরিক অভিযান পরিচালনা করে।
কুপার আরও বলেন, গত সাত দিনে প্রায় ৪০০টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে উপসাগরীয় মিত্রদের ১০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনে সহায়তা করেছে মার্কিন বাহিনী।
কুপারের অভিযোগ, কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে আইআরজিসি বারবার বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক সমুদ্র সংস্থার তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক জাহাজে হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাবিক নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানায় ইরানের নৌবাহিনী। তাদের দাবি, নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করার সময় জাহাজটি শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। তবে জাহাজটির নাম বা আগুন লাগার কারণ জানানো হয়নি।
এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া দাবি করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছে। সেগুলোকে আরও দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আকরামনিয়ার অভিযোগ, হরমুজ প্রণালির দক্ষিণ দিকের এমন একটি পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নির্দেশনা দিচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জাহাজমালিকদের ইরানের নির্ধারিত পথ ব্যবহার এবং চলাচলের বিষয়ে দেশটির বাহিনীর সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি।
সূত্র: শাফাক নিউজ
মূল প্রতিবেদনে যান ↗