ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে চলতি মাস অক্টোবরের ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২১০ শিশু।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২১০ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৪৬ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১৬৪ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৪০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯৭২ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮০ হাজার ২ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১ হাজার ১৮৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ৮২ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
