খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদারকে (৪৫) গ্রেপ্তার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা থানার হাটবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নিভান মহলদারের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুপমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অনুপমের বিরুদ্ধে এর আগেও একাধিক আলোচিত হত্যা মামলায় সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে খুলনা থানায় দায়ের করা হাবিবুর রহমান সবুজ হত্যা মামলা অন্যতম। ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। ওই অভিযোগপত্রে অনুপমের নাম ছিল।
এ ছাড়া ২০১৩ সালে খালিশপুর থানা এবং ২০১৪ সালে ফুলতলা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার অভিযোগপত্রেও তার নাম ছিল। ২০০৯ সালে বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি চুরি মামলায় তার তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, অনুপম মহলদারের বিরুদ্ধে হত্যা মামলাসহ নগর ও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে খুলনার সন্ত্রাসী ‘বি কোম্পানির’ সহযোগীদের গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই
