ছবির ক্যাপশন: .
মো. আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, কেউ কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের স্বার্থে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়নের ভাওয়াল মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, শুধু সারের বিষয় নয়, দেশের সামগ্রিক পরিস্থিতির ওপরও সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের ফিরে আসার নজির পৃথিবীতে নেই। তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না। জনগণের ভোট ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে জনগণের এই রায়কে ব্যাহত করা যাবে না।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে তারেক রহমান তথা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণ যে রায় দিয়েছে, সেটিই গণতন্ত্রের মূল শক্তি। যত ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত কিংবা অপচেষ্টাই করা হোক না কেন, জনগণের ভোটের রায়কে কোনোভাবেই ব্যাহত করা সম্ভব হবে না।
আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফের সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। শিক্ষার্থীদের পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশকে লন্ডনের আদলে গড়ে তুলতে সরকার কাজ করছে। ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেন, জনগণের বিপুল সমর্থন ও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি।
শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষার বিষয়ে আমান উল্লাহ আমান বলেন, কোনো স্কুলের শিক্ষার্থী যেন মাদকে আসক্ত না হয়, সেদিকে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে নজর রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষকে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। একটি শিক্ষিত, সচেতন ও মাদকমুক্ত প্রজন্মই দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি তৈরি করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, মাদক থেকে দূরে রাখা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
