ডেস্ক রিপোর্ট: পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ ২১ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেকের সভাপতি ডা. এস এম তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০ অক্টোবর মঙ্গলবার সংগঠনটির এক জরুরি বিজ্ঞপ্তিতে হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কথা জানানো হয়। পাশাপাশি অতিরিক্ত দর্শনার্থীদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা নিয়মিত হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোগীর স্বজনদের হুমকির মুখে নারী ইন্টার্ন চিকিৎসকদের সিভিল পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হতে হয়েছে। এ ছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতির কর্মসূচি দিয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—
১. হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।
২. ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা।
৩. একজন রোগীর সঙ্গে দুজনের বেশি দর্শনার্থীর প্রবেশ বন্ধ করা।
৪. রোগী ভর্তি ও ভর্তি-পরবর্তী সময়ে সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা।
৫. অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এটিভি/এসআইআর
