শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা, করপোরেট সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিচালনায় বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে হচ্ছে। অথচ দেশে উচ্চশিক্ষা সম্পন্ন করা বিপুলসংখ্যক তরুণ-তরুণী বেকার রয়েছেন।
এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর বিষয়ে আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনবল গড়ে তোলার পরামর্শ দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে তাদের টিউশন ফি মওকুফের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তার মতে, আর্থিক সীমাবদ্ধতা যেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগী ভূমিকা রাখা প্রয়োজন।
এ সময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠানের আদলে পরিচালনার চেষ্টা করছে। প্রতিবছর মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফির ওপর বিভিন্ন হারে ছাড় ও বৃত্তি হিসেবে গড়ে প্রায় ৩২ কোটি টাকা প্রদান করা হয়।
সাক্ষাৎকালে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবের পাশাপাশি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
The post বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি appeared first on ভোরের চেতনা.
