নেহা বোরা, নিজস্ব চিত্রEisamay.com
Published on
:
1 min read
এসআইআর বিরোধী বিক্ষোভের সময়ে আইসা নেত্রী নেহা বোরাকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লির স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের তরফে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যা মামলা করেছিলেন নেহা, তা খারিজ করে দেওয়া হলো।
তবে উচ্চ আদালত স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে, নেহার বিরুদ্ধে যে সব তথ্যপ্রমাণ বা কাগজপত্র রয়েছে, তা অবশ্যই তাঁকে দিতে হবে। ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র (বিএনএসএস) ১৩৫ নম্বর ধারাটি ম্যাজিস্ট্রেটকে খুব ভালো ভাবে বিবেচনা করতে হবে। হাইকোর্ট বলেছে, ম্যাজিস্ট্রেটকে ভেবে দেখতে হবে যে, তদন্তের একেবারে শুরুতেই নেহার কাছ থেকে এই বন্ড বা মুচলেকা চাওয়া কি খুব জরুরি?
প্রসঙ্গত গত ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে কনট প্লেসে জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙ্গা ওড়াও’ (লেহেরা দো তিরঙ্গা) কর্মসূচি শুরুর আগে আটক করা হয়েছিল নেহাকে। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু ছাড়া পাওয়ার পরেই তাঁকে দিল্লির স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের তরফে একটি নোটিস পাঠানো হয়। দিল্লি পুলিশের আবেদনের ভিত্তিতে পাঠানো সেই নোটিসে বলা হয়, নেহাকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা এবং আগামী দিনে শান্তিরক্ষার অঙ্গীকার করে মুচলেকা দিতে হবে।
