ফিলিপাইনের একটি বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক উড়োজাহাজের সংঘর্ষ হয়। এতে উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়ে চারজন পাইলট নিহত হন। আজ শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
গতকাল শুক্রবার বিকেলে ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো বিমান ঘাঁটিতে এসএফ-২৬০ একক প্রপেলার মডেলের উড়োজাহাজগুলো বিধ্বস্ত হয়েছে।
ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন কাপিঙ্গুইয়ান এক বিবৃতিতে বলেন, উভয় উড়োজাহাজই ঘাঁটির সীমানার মধ্যে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্ত করা হচ্ছে।
মুখপাত্র ক্যাপিনগুইয়ান বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর এসএফ-২৬০ মডেলের যুদ্ধবিমানগুলোকে সাময়িকভাবে বসিয়ে রাখা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমান সংক্রান্ত বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত মে মাসে ফিলিপাইনের বেঙ্গুয়েট প্রদেশে প্রশিক্ষণ চলার সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলট নিহত হন।
