গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘সোলজার’-এর শুটিং। তখন আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে একই বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির সময় নির্ধারণ করা হয় ২০২৬ সালের ডিসেম্বর। তবে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি এসেও সিনেমাটির শুটিং শেষ হয়নি। বাকি রয়েছে আরও ৯ দিনের কাজ। ফলে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক দফা পরিকল্পনা করেও শুটিং শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্যে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার কাজের কারণে পিছিয়ে যায় ‘সোলজার’-এর শুটিং।
ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’ এর শুটিং শুরুর কথা ছিল। তবে সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। এরপর শাকিব খান ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান। গত আগস্টে দেশে ফিরে সিনেমাটির বাকি অংশের শুটিং করার কথা থাকলেও শেষ পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি।
বারবার শুটিং পিছিয়ে যাওয়ায় অসন্তোষ
সিনেমাটির শুটিং বারবার পিছিয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শাকিব খানের ম্যানেজার মনির জামান। তাঁর দাবি, কয়েক দফা শিডিউল নেওয়া হলেও নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিব খানের কোনও ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।’
সম্মানী বকেয়া নিয়ে আলোচনা
শুটিং পিছিয়ে যাওয়ার পেছনে শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। শোনা যাচ্ছে, অধিকাংশ শিল্পী ও কলাকুশলীর সম্মানী পরিশোধ করা হয়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্মানীর যে কথা উঠেছে, এটা ভুল। শিল্পী-কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
মুক্তির বিষয়ে মৌমিতা হোসাইন বলেন, ‘শুটিং শেষ হলে মুক্তির তারিখ জানিয়ে টিজার প্রকাশ করা হবে। আশা করি কিছুদিনের মধ্যেই টিজার আসবে। সেখানে সিনেমাটি কবে মুক্তি পাবে, সেখানে তারিখ উল্লেখ থাকবে।’
মুক্তি নিয়ে অনিশ্চয়তা
শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। এ মাসের শেষ দিকে তাঁর দেশে ফেরার কথা। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’-এর শুটিং শুরু করতে পারেন তিনি। পরে ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’এর কাজ শুরুর পরিকল্পনাও রয়েছে।
এদিকে ‘সোলজার’-এর শুটিং শেষ করতে প্রয়োজন আরও ৯ দিন। নতুন সিনেমার কাজের সূচির মধ্যে এই সময় বের করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শুটিং শুরুর নির্দিষ্ট সময় জানানো হয়নি।
সব মিলিয়ে একাধিকবার শুটিং পিছিয়ে যাওয়ায় ‘সোলজার’এর ডিসেম্বরের মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও মুক্তির তারিখ পরিবর্তনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সংবাদ: সোলজার
১৫ জুন ২০২৬
