জহিরুল ইসলাম
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. শামীম বাবু (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের থামার সংকেত পেয়ে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আনুমানিক বিকাল ৫ টা ৩৫ মিনিটে নাভারণ পুরাতন বাজারসংলগ্ন নাভারণ সেতুর পূর্ব পাশে বেনাপোল-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. কেরামত আলীর নেতৃত্বে এএসআই মো. মফিজুর রহমানসহ পুলিশের একটি দল থানা এলাকায় জরুরি মোবাইল ডিউটি করছিল। এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ তাঁদের থামার সংকেত দেয়। তখন মোটরসাইকেল থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যান। অপর ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটক শামীম বাবু যশোরের বেনাপোল থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।
এ ঘটনায় ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ঝিকরগাছা থানায় মামলা নম্বর ১৪ রুজু করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
The post ঝিকরগাছায় হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক আটক appeared first on সকালের খবর ২৪.
