মুক্তির ১০০ দিন পূর্ণ করেছে দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। এই মাইলফলক উদ্যাপন করে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘১০০ দিনের ভালোবাসা, ১০০ দিনের পথচলা! দর্শকদের ভালোবাসায় আজও অমলিন ‘আজও অর্ধাঙ্গিনী’। এই জয় আপনাদের, এই উদ্যাপন আপনাদের নিয়েই!’
কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি গত ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই ছবিটির একাধিক প্রদর্শনী পূর্ণ দর্শক নিয়ে চলার খবর পাওয়া যায়। দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি।
সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি ও আবেগের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী। আগের সিনেমার গল্পের ধারাবাহিকতায় নির্মিত এই কিস্তিতে সম্পর্কের জটিলতা ও মানুষের অনুভূতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। ভালোবাসা, অভিমান, সম্পর্কের ভাঙন ও ক্ষমার মতো বিষয় ছিল সেই ছবির মূল উপজীব্য। নতুন সিনেমায় আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’তে আগের কিস্তির অভিনয়শিল্পীদের পাশাপাশি যুক্ত হয়েছেন টালিউডের অভিনেতা ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। মুক্তির ১০০ দিন পূর্ণ হওয়ার মধ্য দিয়ে সিনেমাটির প্রতি দর্শকদের ভালোবাসার বিষয়টিই সামনে এনেছেন জয়া আহসান।
