সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালু হচ্ছে। প্রাথমিকভাবে ইংরেজি, হিসাববিজ্ঞান ও প্রাণীবিদ্যা বিষয়ে এই কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই কলেজে উল্লিখিত তিন বিষয়ে মাস্টার্স কোর্স চালু করার অনুমোদন দিয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে এসব বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আলম জানান, এই কলেজের শিক্ষার্থীসহ উল্লাপাড়াবাসী দীর্ঘদিন ধরে এখানে স্নাতকোত্তর কোর্স চালুর দাবি জানিয়ে আসছিলেন। এই দাবি পূরণে কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়। এই আবেদনে সাড়া দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই কলেজে প্রাথমিকভাবে ইংরেজি, হিসাববিজ্ঞান ও প্রাণীবিদ্যা বিষয়ে মাস্টার্স কোর্সের অনুমোদন দিয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এসব বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মাহাবুবুর রহমান মানিক জানান, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে প্রথম পর্যায়ে উল্লিখিত ৩টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও অনেকগুলো বিষয়ে এই কোর্স চালুর অনুমোদন দেওয়া হবে।
সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থী আব্দুল আলীম, হায়দার আলী, নাজমুল হক ও সাকিব হোসেন জানান। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন শুরু করায় অভিনন্দন জানিয়েছেন। এসব শিক্ষার্থীর প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কলেজে সম্মান কোর্সে বর্তমানে চলমান ১৪ বিষয়েই মাস্টার্স কোর্স চালু করবে।
