বেসরকারি খাতের চাহিদা ও সরকারের উন্নয়ন উদ্যোগের মধ্যে ব্যবধান কমাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)। গত ১৭ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীন প্রতিষ্ঠান আইআইএফসি এ সভার আয়োজন করে। এতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা অংশ নেন। এ ছাড়া আইআইএফসির পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন আইআইএফসির চেয়ারম্যান ও ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। এতে বক্তব্য দেন নিট পোশাক খাতের ব্যবসায়ী নেতা ও আইআইএফসির পরিচালক মো. ফজলুল হক। তিনি বর্তমানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসকের দায়িত্বেও রয়েছেন। এ ছাড়া বক্তব্য দেন চামড়া ও জুতা খাতের ব্যবসায়ী নেতা, এমসিসিআইয়ের সাবেক সভাপতি ও আইআইএফসির পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
সভায় বেসরকারি খাতের প্রতিনিধিরা সুশাসন, দক্ষতা উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন ও সরবরাহব্যবস্থা এবং অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা, মেধাস্বত্ব বিষয়ে সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়নের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন অংশগ্রহণকারীরা। তাদের মতে, বেসরকারি খাতের অভিজ্ঞতা ও চাহিদাকে উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করা গেলে প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর হতে পারে।
ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যৌথ পরামর্শের মাধ্যমে প্রকল্প প্রণয়ন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় প্রকল্প বাস্তবায়ন এবং যৌথ বিনিয়োগের বিষয়গুলো চিহ্নিত করা হয়। বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
