মানবতার সেবায় এগিয়ে এসে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘পজেটিভ সরাইল’। সংগঠনটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও চৌরাগুদা গ্রামের হতদরিদ্র মো. জামাল মিয়াকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে। নতুন ঘর পেয়ে আবাসন সংকট কিছুটা হলেও লাঘব হয়েছে তাঁর।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পজেটিভ সরাইলের উপদেষ্টা, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও দৈনিক মানবজমিনের সরাইল প্রতিনিধি মো. মাহবুব খান বাবুল, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল করিম মাস্টার, প্রধান সমন্বয়ক সাংবাদিক জহুরুল ইসলাম রিপন, আব্বাস, মুস্তাকিমসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠন সূত্রে জানা যায়, সুলতান মিয়ার অনুসন্ধানের মাধ্যমে অসহায় জামাল মিয়ার দুরবস্থার বিষয়টি পজেটিভ সরাইলের নজরে আসে। জামাল মিয়ার নিজস্ব কোনো জমি না থাকায় তাঁর জন্য ঘর নির্মাণ করা ছিল অত্যন্ত কঠিন। পরে তাঁর মামার জমিতে ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়। এতে তিনি মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় পেয়েছেন।
ঘর উদ্বোধন উপলক্ষে ক্বারী জামাল মিয়া বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় নতুন ঘরের বাসিন্দার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, পজেটিভ সরাইল দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটির এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি ও অন্যান্য সামাজিক সংগঠনকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
The post সরাইলে অসহায় জামাল মিয়াকে ঘর উপহার দিল ‘পজেটিভ সরাইল’ appeared first on ভোরের চেতনা.
