
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ড. সবুর খানের মতবিনিময়
মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সোমবার (১২ অক্টোবর) মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি এআইইউর (বিএএসসিএ) উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ড. মো. সবুর খানের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা লাভের সুযোগ পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর দাতো’ আইআর. ড. মোহাম্মদ সালেহ বিন জাফর। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এসবিএসএস) ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মোকলিস বিন আহমাদ ফুয়াদ।
মতবিনিময় সভায় ক্যারিয়ার উন্নয়ন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করা, উদ্ভাবনী চিন্তার বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সমাজে ইতিবাচক অবদান রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ড. মো. সবুর খানের এ অংশগ্রহণ তরুণদের ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাঁদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও লক্ষ্য অর্জনের দৃঢ়তা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সভায় বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সহযোগিতামূলক আন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হয়।
শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষাবিদদের মধ্যে এ ধরনের মতবিনিময় জ্ঞান বিনিময়, পেশাগত নেটওয়ার্ক তৈরি এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষ নেতৃত্ব তৈরিতে ড্যাফোডিল গ্রুপের অঙ্গীকারও প্রতিফলিত হয়েছে।
ছবির ক্যাপশন: মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর দাতো’ আইআর. ড. মোহাম্মদ সালেহ বিন জাফরসহ শিক্ষার্থীরা।
