কালবেলা · খেলাধুলা
কারিবীয়দের হারাতে ভুবনেশ্বরকে ডেকে পাঠাল ভারত
১৭/১০/২০২৬

চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচের জন্য ভারতের স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ কাঁধে চোট পান অর্শদীপ সিং।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে চোট পাওয়ার পর আরও একটি বল মোকাবিলা করে রিটায়ার্ড হার্ট হন অর্শদীপ। ওই ম্যাচটি জিতে সিরিজ ২-২ সমতায় ফেরায় ক্যারিবীয়রা।
অর্শদীপ এখনো স্কোয়াডের সঙ্গেই থাকায় ভুবনেশ্বরের এই অন্তর্ভুক্তি কেবলই সতর্কতামূলক কিনা, সে বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কিছু জানায়নি। তবে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের শেষ ম্যাচে অর্শদীপের খেলা পুরোপুরি নির্ভর করছে তার সেরে ওঠার প্রক্রিয়ার ওপর।
গত চার বছর ধরে জাতীয় দলের নির্বাচকদের বিবেচনায় ছিলেন না ভুবনেশ্বর। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল জয়ের পেছনে দুটি দারুণ মৌসুম কাটানোর পর জাতীয় দলে ফিরলেন তিনি। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলেও রাখা হয়েছে তাকে।
জাতীয় দলের হয়ে ভুবনেশ্বরের শেষ ম্যাচটি ছিল ২০২২ সালের নভেম্বরে, নেপিয়ারের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। সব ঠিকঠাক থাকলে আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে ৩৬ বছর বয়সী এই পেসারের।
মূল প্রতিবেদনে যান ↗