এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই মাস কারাবাসে থাকতে হবে।
Published : 14 Oct 2026, 07:10 PM
Updated : 14 Oct 2026, 07:10 PM
সিরাজগঞ্জে মাদকের আলাদা দুটি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন আলাদা শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ্।
দণ্ড পাওয়ারা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামের মর্তুজ আলী হালদারের ছেলে বাচ্চু হাওলাদার (৪২) এবং সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির শাহাদত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২)।
মামলা থেকে জানা গেছে, ২০২০ সালের ১১ নভেম্বর তৎকালীন র্যাব-১২-এর একটি দল সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি কভার্ড ভ্যান থেকে ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। সেই সময় বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
পরে বাচ্চুর বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
অন্যদিকে ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আলাদা ঘোষণায় দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই মাস কারাবাসে থাকতে হবে বলে জানান এপিপি শামসুজ্জোহা।
