ফজলুল হক ভূঁইয়া রানা
শরতের শুভ্র কাশফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা আর শিউলির স্নিগ্ধ সুবাস প্রকৃতিতে ছড়িয়ে দিয়েছে উৎসবের অনির্বচনীয় আবেশ। এই স্নিগ্ধ ঋতুতেই মর্ত্যে শুভাগমন ঘটে দেবী দুর্গার। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার এক অনন্য প্রকাশ। দেবীর আগমন আমাদের মনে জাগিয়ে তুলুক শুভশক্তির জয়, অশুভের বিনাশ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং মানবকল্যাণের প্রত্যয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসব হয়ে উঠুক পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, সহমর্মিতা ও শান্তির এক মিলনমেলা। ধর্মীয় বিশ্বাস ও উপাসনার ভিন্নতা যেন কখনো মানুষের হৃদয়ের দূরত্ব সৃষ্টি না করে; বরং বৈচিত্র্যের মধ্যেই আমরা খুঁজে পাই মানবিক ঐক্যের সৌন্দর্য। কারণ, মানুষের পরিচয়ের সর্বোচ্চ মহিমা তার মানবিকতায়, আর একটি সমাজের প্রকৃত শক্তি নিহিত থাকে পারস্পরিক বিশ্বাস, সহনশীলতা ও সম্প্রীতিতে।
দেবী দুর্গার প্রতীকী তাৎপর্য আমাদের অন্যায়, অজ্ঞতা, হিংসা, বিদ্বেষ ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দেয়। আজকের পৃথিবীতে যখন যুদ্ধ, সংঘাত, অসহিষ্ণুতা ও বিভাজন মানবসভ্যতাকে বারবার বিপন্ন করছে, তখন দুর্গোৎসবের অন্তর্নিহিত শুভবোধ আরও বেশি তাৎপর্যপূর্ণ। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার জীবনে পৌঁছায়; যখন প্রতিবেশীর সুখে আমরা আনন্দিত হই, বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং অন্যের ধর্মীয় অনুভ‚তি ও অধিকারকে নিজের মতোই মর্যাদা দিই।
একটি মানবিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, উদারতা এবং সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি আন্তরিক অঙ্গীকার। কোনো ধর্মীয় উৎসব যেন নিরাপত্তাহীনতা, বৈষম্য কিংবা বিদ্বেষের শিকার না হয়; প্রতিটি মানুষ যেন নির্ভয়ে নিজের ধর্ম পালন করতে পারেন- এটাই হোক আমাদের সম্মিলিত প্রত্যাশা। ধর্ম যার যার, কিন্তু মানবিক মর্যাদা, শান্তি ও নিরাপদে বেঁচে থাকার অধিকার সবার।
আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় নির্বিশেষে প্রতিটি মানুষ সমান সম্মান, নিরাপত্তা ও উন্নয়নের সুযোগ পাবেন; যেখানে বিভেদের পরিবর্তে সহযোগিতা, প্রতিহিংসার পরিবর্তে সহমর্মিতা এবং সংকীর্ণতার পরিবর্তে উদার মানবিকতা প্রতিষ্ঠিত হবে। দেশের প্রতিটি মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নেমে আসুক শান্তি, সুখ ও স্বাচ্ছন্দ্য। সমাজে প্রসারিত হোক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও ন্যায়বিচারের সুযোগ। সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ এগিয়ে যাক অর্থনৈতিক সমৃদ্ধি, সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের পথে।
দেবীর শুভাগমন আমাদের হৃদয়ে জাগিয়ে তুলুক শুভবোধ, সাহস, উদারতা ও কল্যাণের প্রত্যয়। অশুভের বিনাশ ঘটুক মানুষের বিবেক ও কর্মে; ভালোবাসার বন্ধনে আরও দৃঢ় হোক আমাদের সামাজিক সম্পর্ক। আসুন, উৎসবের আনন্দ ভাগ করে নিই সবার সঙ্গে, সম্মান করি প্রত্যেকের বিশ্বাস, রক্ষা করি মানুষের অধিকার এবং দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সর্বাঙ্গীণ কল্যাণ হোক, সমৃদ্ধ হোক বাংলাদেশ, অগ্রযাত্রা অব্যাহত থাকুক আমাদের প্রিয় মাতৃভূমির। শুভ শারদীয়া।
The post শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা appeared first on দৈনিক আমার কাগজ.
