আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। শুক্রবার দীপকেকে নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ।
‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল নিয়ে দিল্লির পথে বেরোনোর মাত্র কয়েক মিনিট আগে দীপকেকে আটক করে পুলিশ। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আটক হলেন অভিজিৎ দীপকে।
এর আগে, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি পৌঁছন অভিজিৎ।
বিমান থেকে নামার পরই তাঁকে আটক করা হয়েছিল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে অনিয়মের অভিযোগ তুলে এই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল।
শুক্রবারের মিছিলের অন্যতম কারণ ককরোচ জনতা পার্টির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারি। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁরা দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন।
তার এক দিন আগেই যন্তরমন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়। জাতীয় পতাকা নিয়ে ঢোকার পরেই গ্রেপ্তার করা হয় সৌরভ এবং আশুতোষকে।
তাঁদের দু’জনকেই পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই ঘটনার প্রতিবাদেই ‘লেহেরা দো তিরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে।
তবে মিছিল শুরুর আগেই তাঁর বাড়িতে পৌঁছে যায় দিল্লি পুলিশ। মিছিল না করার বিষয়ে তাঁকে একটি নোটিশও ধরানো হয়। এর পরেই তাঁকে আটক করা হয়।
