চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকেটজাতসহ নানা অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মোড়কজাতকরণের বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া খাদ্যদ্রব্য রান্নায় নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
