ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে হারুন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।
এর আগে ২১ অক্টোবর বুধবার রাতে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন আল মাহিবুল ইবনে মোকারম ওরফে রোহান, সাইফুল হক জিসান ও মোহাম্মদ আকাশ।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বিভিন্ন কারখানার পাঁচ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান। তাদের মধ্যে তিনজন সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। তখন দূরে থাকা সাতজনের একটি দলের কাছে সহযোগিতা চান তারা।
পরে ওই দলের তিনজন সাগরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তারাও পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে লাইফগার্ড ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের প্রচেষ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হারুনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
জানা গেছে, উদ্ধারকাজে সহযোগিতার চেষ্টা করা সাতজনের দলটি ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিল।
এটিভি/এসআইআর
