লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার করায় ৩৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় তাদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
অভিযানকালে জেলেদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ মাছ এবং ১ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ইলিশগুলো স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা বাহিনীর এই কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
