ড. ইউনূস ভালো আছেন, তার কোনো ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরার ঘটনার পর তার সুস্থতার কথা জানিয়েছেন সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি বলেছেন, ড. ইউনূস ভালো আছেন এবং তার কোনো ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুই শিশুর সঙ্গে ড. ইউনূসের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে এ কথা জানান ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও সাবেক অন্তর্বর্তী সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক (এসডিজি) মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
ফেসবুক পোস্টে লামিয়া মোরশেদ লেখেন, জেএফকে বিমানবন্দরে ওই লোকগুলো উনাকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।
ঘটনায় জড়িত ব্যক্তিদের আচরণের সমালোচনা করে তিনি আরও লেখেন, এতে স্যারের কোনো ক্ষতি হয়নি। এ সময় দুঃসময়ে পাশে দাড়িয়ে বার্তা পাঠানো ব্যক্তিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌছানোর পর ড. মুহাম্মদ ইউনূসকে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়। ভিডিওতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজনকে তার পথরোধ করে স্লোগান দিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ সময় ড. ইউনূসের সফরসঙ্গীরা তাকে নিয়ে টার্মিনালের ভেতরের দিকে চলে যান। ভিডিওতে ওই ব্যক্তিদের পেছনে যেতে এবং বিভিন্ন মন্তব্য ও স্লোগান দিতে দেখা যায়।
ঘটনার পর লামিয়া মোরশেদের বক্তব্যে ড. ইউনূসের সুস্থতার বিষয়টি উঠে এসেছে। তবে বিমানবন্দরের ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
