প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ডেনমার্কে যাত্রা শুরু করেছে ‘বাংলা বর্ণমালা স্কুল’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় স্কুলটির শুভ উদ্বোধন অনুষ্ঠান। প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মাতৃভাষা শেখানো এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তন্ময় মজুমদার। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স উইংয়ের মহাপরিচালক ড. মোহাম্মদ জাকেরুল আবেদিন।
এ ছাড়া অনুষ্ঠানে ডেনমার্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক জালালউদ্দিন সুমন, উপদেষ্টা পরিষদের সদস্য রফিকুল ইসলাম ও এতেশাম রেজা সেতু এবং স্কুলের শিক্ষক মো. সালাহ উদ্দিন ও সম্পা। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রবাসে বাংলা ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টরা মনে করেন, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির পরিচয় তুলে ধরা অত্যন্ত জরুরি। ভিন্ন ভাষা ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা শিশুদের বাংলা পড়া, লেখা ও বলার দক্ষতা অর্জনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানার সুযোগ তৈরি করাও এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
‘বাংলা বর্ণমালা স্কুল’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ডেনমার্কে বসবাসরত বাংলাদেশি পরিবারের সন্তানদের বাংলা ভাষা শেখার একটি প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হলো। এর মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক শিকড়ের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রবাসে মাতৃভাষার চর্চা অব্যাহত রাখা এবং পরবর্তী প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন কমিউনিটির সদস্যরা।
বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে ‘বাংলা বর্ণমালা স্কুল’-এর এ যাত্রা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং ডেনমার্কে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
