কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের ২০২৬ সালের প্রথম ছয় মাসে নিট লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৮০ দশমিক ৭ বিলিয়ন ডলারে। মূলত প্রতিষ্ঠানটির শেয়ারে রূপান্তরযোগ্য বন্ডের ন্যায্য মূল্য বেড়ে যাওয়ায় হিসাবের খাতায় বড় অঙ্কের লোকসান দেখানো হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রস্তুতির অংশ হিসেবে তৈরি একটি খসড়া প্রসপেক্টাস পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি আগামী নভেম্বরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে। তবে সাম্প্রতিক আর্থিক তথ্য প্রকাশের পর কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য কমিয়ে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ধরার বিষয়টি বিবেচনা করছেন। গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খসড়া নথি অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে অ্যানথ্রপিকের নিট লোকসান ছিল ১৩ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথমার্ধে লোকসান বেড়ে যাওয়ার পেছনে ৭২ বিলিয়ন ডলারের একটি হিসাবনিকাশজনিত ব্যয় রয়েছে। প্রতিষ্ঠানটির যেসব বন্ড ভবিষ্যতে শেয়ারে রূপান্তরিত হতে পারে, সেগুলোর আনুমানিক মূল্য বেড়ে যাওয়ায় এই ব্যয় দেখানো হয়েছে। এটি প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় নগদ অর্থ ব্যয়ের প্রতিফলন নয়।
এই আর্থিক তথ্য এআই প্রযুক্তির প্রতিযোগিতায় বিপুল ব্যয়ের বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা এখন আরও গভীরভাবে যাচাই করছেন, চিপ ও ডেটা সেন্টারে বিপুল অর্থ বিনিয়োগ করে প্রত্যাশিত মুনাফা অর্জন করা সম্ভব হবে কি না।
আগামী এক দশকে ক্লাউড সেবা, কম্পিউটিং সক্ষমতা ও অবকাঠামো খাতে অন্তত ৫১৮ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে অ্যানথ্রপিক। এস-১ নথি অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি কম্পিউটিং সক্ষমতা ও অবকাঠামো খাতে প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে। আগের বছরের একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো জবাব দেয়নি অ্যানথ্রপিক।
অর্থায়ন ব্যয় ও রাজস্ব প্রবৃদ্ধি
গত ১৪ অক্টোবর বিনিয়োগকারীদের এক বৈঠকে সম্ভাব্য আইপিও বিনিয়োগকারীদের অ্যানথ্রপিক জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের রাজস্ব আগের প্রান্তিকের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাজস্ব বৃদ্ধির এই পরিসংখ্যান এআই ব্যবস্থা তৈরিতে বিপুল ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের কিছু উদ্বেগ কমিয়েছে। তবে প্রান্তিকভিত্তিক রাজস্ব প্রবৃদ্ধির গতি কমে আসায় কিছু বিনিয়োগকারী হতাশ হয়েছেন। এর আগে প্রথম প্রান্তিক থেকে দ্বিতীয় প্রান্তিকে অ্যানথ্রপিকের রাজস্ব দ্বিগুণেরও বেশি বেড়ে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
অ্যানথ্রপিকের আইপিও নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ প্রত্যাশার তুলনায় কম হলে তা বৃহত্তর এআই বাজারেও প্রভাব ফেলতে পারে। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সম্ভাব্য আইপিওর আগে এ খাতের নিকটমেয়াদি সম্ভাবনা অনেকটাই অ্যানথ্রপিকের শেয়ার বিক্রির সাফল্যের ওপর নির্ভর করছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
রয়টার্স গত সেপ্টেম্বরে জানিয়েছিল, ২০২৫ সালে অ্যানথ্রপিকের নিট লোকসান ছিল ৪২ বিলিয়ন ডলার। এর বড় অংশই এসেছিল একই ধরনের হিসাবনিকাশজনিত ব্যয় থেকে। প্রতিষ্ঠানটির মূল্যায়ন বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ারে রূপান্তরযোগ্য ওই বন্ডগুলোর আনুমানিক ন্যায্য মূল্যও বছরওয়ারি হিসাবে তিন গুণ হয়েছে।
এই হিসাবনিকাশজনিত ব্যয় বাদ দিলে ২০২৫ সালে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্বের বিপরীতে অ্যানথ্রপিকের পরিচালন লোকসান ছিল প্রায় ৮ দশমিক ১ বিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে ‘ক্লড কোড’ নামের কোডিং সহকারী। সফটওয়্যার লেখা ও অ্যাপ তৈরির কাজে ডেভেলপারদের মধ্যে এআইভিত্তিক এই টুলটি জনপ্রিয়তা পেয়েছে।
সূত্র: রয়টার্স
এমএস/
