বুকের ব্যথা নিয়ে সিসিইউতে মন্ত্রী মঈন খান
বুকের ব্যথা, শ্বাসকষ্ট ও হৃদ্রোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। তাঁকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জার্নাল ডেস্কস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান হঠাৎ বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাতে অসুস্থতা বোধ করলে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, মঈন খানকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
এদিন দুপুরে মঈন খানকে দেখতে হাসপাতালে যান সমাজসেবামন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, “শ্বাসকষ্ট ও হৃদ্রোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে গতকাল উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
“গতকালের চেয়ে আজকে তাঁর অবস্থা স্থিতিশীল আছে।”
অধ্যাপক জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।
দলের একজন নেতা বলেন, মঈন খানের পরিবারের সদস্যরা দেশের বাইরে আছেন। তাঁরা ফিরে এলে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সরকারমন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে মঈন খানের সুস্থতার জন্য দোয়া চান।
রিজভীর সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, হৃদ্রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান রিজভী।
বাংলাদেশ জার্নাল/এনএম