কালবেলা · সাধারণ
মেহেরপুরে অবৈধ সালিশ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এসপির হুঁশিয়ারি
১২/১০/২০২৬

‘সালিশের নামে নির্যাতন, অপমান কিংবা আইনি অধিকার থেকে বঞ্চিত করার দিন শেষ! অপরাধের অভিযোগ থাকলে ব্যবস্থা নেবে পুলিশ, আর বিচার করবে আদালত। বিচারব্যবস্থার সমান্তরালে কোনো অবৈধ সালিশ চলতে দেওয়া হবে না।’ মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দিয়ে মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী ওই হুঁশিয়ারি দেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে মেহেরপুরের পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সালিশের নামে কাউকে নির্যাতন কিংবা আইনি সেবা থেকে বঞ্চিত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের ঘটনা থাকলে তা চিরতরে বন্ধ করা হবে। মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সমানভাবে অভিযান চলবে; কাউকে ছাড় দেওয়া হবে না।
মেহেরপুর জেলার সকল থানাকে জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের ঘোষণা দিয়ে পুলিশ সুপার বলেন, মানুষ যেন নির্ভয়ে থানায় এসে অভিযোগ জানাতে পারে এবং দ্রুত কাঙ্ক্ষিত সেবা পায়, সে নির্দেশনা ইতিমধ্যে জেলা পুলিশের কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
সভায় সাংবাদিকরা অনলাইন জুয়া, চুরি, মাদক, চোরাচালান, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ জানান। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন পুলিশ সুপার। নিরাপদ মেহেরপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা পুলিশের মিডিয়া ফোকাল পার্সন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান এবং জেলাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗