বলিউড অভিনেতা ইমরান খানের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি অবন্তিকা মালিক! বিয়ে বাঁচাতে বারবার চেষ্টা করেও শেষ পর্যন্ত ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এবার বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আমির খানের ভাগ্নে ইমরানের প্রাক্তন স্ত্রী অবন্তিকা।
২০১১ সালে বিয়ে করেছিলেন ইমরান ও অবন্তিকা। দীর্ঘদিন একসঙ্গে সংসার করার পর ২০১৯ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
সম্প্রতি সোহা আলি খানের একটি চ্যাট শোয়ে বিচ্ছেদ নিয়ে কথা বলেন অবন্তিকা। তিনি জানান, আলাদা হওয়ার সিদ্ধান্ত প্রথমে নিয়েছিলেন ইমরান। অবন্তিকার কাছে এই বিচ্ছেদ ছিল সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের অবসান। তাঁর কথায়, তিনি নিজে কখনোই এমন সিদ্ধান্ত নিতেন না।
সম্পর্ক টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন অবন্তিকা। তিনি বলেন, ‘মাঝেমধ্যেই বলতাম, একটু চেষ্টা করে দেখি না, যদি সব কিছু ঠিকঠাক হয়।’
তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বদলায়নি। আলাদা হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে তাঁর এত দিনের স্বপ্ন ভেঙে গিয়েছিল বলেও জানান অবন্তিকা। খুব অল্প বয়সে সম্পর্কে জড়িয়ে পড়ায় তাঁদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছিল।
অবন্তিকার কথায়, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে অবাস্তব প্রত্যাশা তৈরি হতে পারে। সেই প্রত্যাশা পূরণ না হলে সম্পর্কেও দূরত্ব বাড়ে। শেষ পর্যন্ত নিজের জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিনি।
