অনলাইন ডেস্ক
আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। তিন দিনের এই সফরে দলটির নেতৃত্ব দেবেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি (USTR) ব্রেন্ডেন লিঞ্চ।
যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক আরও কমানোর ব্যাপারে আলোচনা হবে। দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দিকেও অগ্রগতি আশা করা হচ্ছে।
বর্তমানে পাল্টা শুল্ক ২০% হলেও, বাংলাদেশ তা কমিয়ে অন্তত ১৫% করার প্রস্তাব দেবে। বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনা হবে।
প্রতিবছর সাত লাখ টন গম আমদানি করার পরিকল্পনা রয়েছে। সামরিক ও বেসামরিক খাতে যন্ত্রাংশ, ভোজ্যতেল, তুলা ও এলএনজি আমদানিও বাড়ানো হবে।
যুক্তরাষ্ট্রের শর্ত
অবৈধ রপ্তানি প্রতিরোধে ব্যবস্থা নেবে।
প্রয়োজনে যৌথ তদন্তে অংশ নেবে।
আমদানি-রপ্তানির অনুমোদন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করবে।
কৃষিপণ্য আমদানিতে অপ্রয়োজনীয় বাধা দূর করবে।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে শুল্ক, বাণিজ্য, বিনিয়োগ, মেধাস্বত্ব, শ্রম অধিকার ও পরিবেশ– এসব খাতে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে মার্কিন মানদণ্ড (FDA ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা) মেনে নিতে রাজি হয়েছে ঢাকা।
