যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সঙ্গে সংশ্লিষ্ট দেড় কোটি পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির হাইকোর্ট। অর্থ পাচারের সন্দেহে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) পরিচালিত তদন্তের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাটটি কেনার অর্থের উৎস সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে পারেননি আনিসুজ্জামান। এনসিএর অভিযোগ, সম্পদটির প্রকৃত মালিকানা আড়াল করতে ২০২৫ সালের সেপ্টেম্বরে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার মাত্র এক পাউন্ডের বিনিময়ে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আদালত মনে করেন, ফ্ল্যাটটি অপরাধলব্ধ অর্থ দিয়ে কেনা হয়েছে বলে দাবি করার যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে। তবে আনিসুজ্জামান কোনো বেআইনি কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তাঁর আইনজীবীরা নিষেধাজ্ঞার আদেশের বিরোধিতা করেননি।
এর আগে ২০২৫ সালের জুনে সাবেক ভূমিমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড মূল্যের সম্পদ জব্দের আদেশ পান এনসিএ। একই সঙ্গে তাঁর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎস ব্যাখ্যা করতে আদালতের নির্দেশ নেওয়া হয়।
