নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেটসংলগ্ন স্থানে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়েছে পতেঙ্গা থানা-পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জব্দ করা মালামালসহ তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় আনসার সদস্য সাদ্দাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলের মধ্যে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে আনসার সদস্য সাদ্দাম হোসেন মুঠোফোনে আনসার ক্যাম্প ও বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে বিষয়টি জানান। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল নিরাপত্তা শাখার সাতজন সদস্য, বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের পাঁচজন সদস্য এবং আনসার বাহিনীর ১৫ জন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
একই সময়ে ই/এম শাখার উপসহকারী প্রকৌশলী পলাশ পালের সহযোগিতায় এরোনেসের ৫ থেকে ১০ জন কর্মী ও সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়।
নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল মুঠোফোনে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেনকে বিষয়টি জানান। পরে পরিচালক ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এরপর অনুসন্ধান দলটি ঘন জঙ্গলের মধ্যে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করে। তার নাম মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পতেঙ্গা মডেল থানার মামলা নম্বর ৩(৭)২০২৬-এর আওতায় আজিজুর রহমানকে চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
