জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (e-JSP)’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিনজ।
জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি—বিএন্ডআইটি) কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির প্রধান দায়িত্ব হলো ইউএনডিপি প্রণীত ই-জাতীয় সংসদ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি দেশে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর ই-পার্লামেন্ট ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে কমিটি।
এ ছাড়া প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিতে প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় সংসদের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সংসদীয় কার্যক্রমের আধুনিকায়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।
The post ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি, নেতৃত্বে ডেপুটি স্পিকার appeared first on ভোরের চেতনা.
