Published on
:
1 min read
দীর্ঘদিন ধরেই পৌরাণিক বিষয় নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গ্রেপ্তার এক ইউটিউবার। ধৃত কনটেন্ট ক্রিয়েটারের নাম সুরজিৎ শী। শনিবার রাতে দাঁতনের তালদা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে রবিবার দাঁতন আদালতে তোলা হলে ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে ওই ইউটিউবারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
জানা গিয়েছে, ওই ব্যক্তির ‘কোর বাংলা জনকন্ঠ’ নামে ফেসবুক পেজ রয়েছে। সুরজিতের বিরুদ্ধে অভিযোগ তিনি পৌরাণিক বেশ কিছু বিষয় নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করেন। স্থানীয় বজরং দলের সদস্যরা দাঁতন থানায় অভিযোগ করেছিলেন। সুরজিতের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন কিছু তথ্য পরিবেশন করেছিলেন, যা মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে।
সেই অভিযোগের ভিত্তিতেই ওই ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। এক অভিযোগকারী বলেন, ‘ইনি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মের দেব-দেবী ও আমাদের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন বাজে ভিডিয়ো বানাচ্ছেন। পুলিশকে আমরা সেই সংক্রান্ত কিছু প্রমাণ হাতে তুলে দিয়েছি। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
