ইয়েমেনের তাইজ গভর্নরেটে চলমান সংঘাত ও জ্বালানি সংকটের কারণে ১৬ লাখের বেশি শিশুর নিরাপদ পানিপ্রাপ্তি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের ইয়েমেন প্রতিনিধি আখিল আইয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহপথগুলো ব্যাহত হওয়ায় পানি সরবরাহব্যবস্থা সচল রাখা কঠিন হয়ে পড়েছে। ডিজেলের সংকটে পানির পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সর্বশেষ উত্তেজনা বৃদ্ধির পর থেকে ট্রাকে করে সরবরাহ করা পানির দাম তিন গুণ বেড়েছে।
আইয়ার বলেন, তাইজের পানি সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীল প্রায় ৩০ লাখ মানুষের মধ্যে অন্তত ১৬ লাখ শিশু রয়েছে। জ্বালানির অভাবে পাম্প বন্ধ হয়ে গেলে এসব মানুষের সুপেয় পানি পাওয়া মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এদিকে, শিশুদের অপুষ্টির পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, চলতি বছর তাইজে ১ লাখ ৬৮ হাজারের বেশি শিশুর অপুষ্টি শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫২ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। অর্থাৎ পরীক্ষা করা শিশুদের প্রায় এক-তৃতীয়াংশই তীব্র অপুষ্টিতে ভুগছে।
আইয়ার সতর্ক করে বলেন, তাইজের শিশুদের জন্য ক্ষুধা, অনিরাপদ পানি ও রোগের বিস্তার ক্রমেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।
জাতিসংঘের সংস্থাগুলোর আশঙ্কা, সংঘাত অব্যাহত থাকা এবং জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিলে পানি ও স্বাস্থ্যসেবার সংকট আরও তীব্র হতে পারে। এতে বিশেষ করে শিশুদের অপুষ্টি, পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
