সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘মহামায়া সংঘ’এর উদ্যোগে শিববাড়ি মন্দিরে শহহস্তের দেবী দূর্গার প্রতিমা। ছবি: খবরের কাগজ (মামুন হোসেন)।
-->সিলেটে শরতের কাশফুলের দোলার সঙ্গে ঢাকের তালে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে সিলেট জেলা ও মহানগর মিলিয়ে সর্বমোট ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সিলেটে এবারের দুর্গা উৎসবে থাকছে এক সম্পূর্ণ ভিন্নধর্মী চমক। প্রচলিত দশ হাতের পরিবর্তে এবার সিলেট নগরীতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ১০০ হাত বিশিষ্ট এক ব্যতিক্রমী দেবী দুর্গার প্রতিমা।
সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘মহামায়া সংঘ’এর উদ্যোগে এই বিশেষ প্রতিমাটি তৈরি করা হয়েছে। শিববাড়ী মন্দিরে অভিনব এই আয়োজনকে ঘিরে পুরো সিলেট বিভাগ জুড়ে দর্শনার্থী ও ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা।
আরও পড়ুন
আয়োজকরা জানান, মাটির নিখুঁত কারুকার্যে তৈরি এই অনন্য প্রতিমাটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং চওড়া ১০ ফুট। সাধারণত সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী দেবীর মূর্তিতে ১০টি হাত থাকলেও, এখানে মহাশক্তির প্রতীকী রূপ ফুটিয়ে তুলতে কারিগররা নিপুণভাবে নির্মাণ করেছেন ১০০টি হাত। প্রতিমার প্রতিটি হাতের অবয়ব ও বিশেষ সাজসজ্জা দেবীর মহাকল্যাণকর রূপকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে।
আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গা পূজার মূল কার্যক্রম শুরু হবে। তবে মূল পূজা শুরু হওয়ার আগেই শিববাড়ির এই মণ্ডপটিতে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়ে গেছে। দূর-দূরান্ত থেকে পুণ্যার্থী ও সাধারণ মানুষ আসছেন এই ব্যতিক্রমী শিল্পকর্মটি একনজর দেখতে।
সনাতন ধর্মীয় রীতিতে একশ হাতের দেবী দুর্গার প্রতিমা নির্মাণ নিয়ে শিববাড়ী মন্দিরের পুরোহিত মোহন্ত ভট্টাচার্য মধু খবরের কাগজকে বলেন, শাস্ত্রমতে বিধান আছে মায়ের দশভুজা, চতুর্ভুজা, অষ্টভুজা, ষোড়শভুজা বিংশভুজা পূজা করা যায়। এবার যে মায়ের আমরা শতহস্তে পূজা করছি এটা মায়ের মহামায়া রূপ। এই রূপটিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শাস্ত্র অনুযায়ী আদের অনেক পূজার বিধান আছে। যেমন সারিকাপূরাণ, দেবীপুরাণ এ ধরনের আরও কিছু পুরাণে দেবীর উল্লেখ দেওয়া আছে। ওইখান থেকে দেখা যায় বিভিন্ন রূপে মায়ের পূজা করা সম্ভব। তাই আমরা এবার সিলেটে প্রথমবারের মতো মায়ের ১০০ হাতের পূজা করছি।
শিববাড়ী মহামায়া সার্বজনীন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কাব্য বলেন, দুর্গা প্রতিমা সবসময় দশ হাতেই হয়। তবে সিলেট জেলায় এই প্রথম মহামায়া সার্বজনীন পূজা কমিটি শিববাড়ি মন্দিরে শতহস্তে মায়ের পূজা করবে। যেহেতু প্রথম তাই আমাদের জন্য এবার পূজা আরও বেশি আনন্দের এবং গর্বের বিষয়। এই মন্দিরের একটি ঐতিহ্য আছে। সেটা হলো এই মন্দির ৫১ পীঠস্থানের একটি শিববাড়ি মন্দিরে আছে। ১০০ হাত বিশিষ্ট দুর্গা মায়ের প্রতিমা প্রতিমা তৈরি করতে আমাদের তিন মাস সময় লেগেছে। যেহেতু এবার প্রথম সিলেট জেলায় শতহস্তে দুর্গা মায়ের পূজা হবে তাই আশা করছি অন্য সময়ের তুলনায় এবার পুণ্যার্থী বেশি হবে।
শ্রী শ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ রক্ষী শিববাড়ী মন্দির সাংগঠনিক সম্পাদক রূপক চৌধুরী বলেন, আমাদের এখানে ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রবালজয়ন্তি উদযাপন করছি। এই প্রবালজয়ন্তি উদযাপন করতেই আমরা মায়ের শতহস্তে পূজা করছি। আমরা আশা করছি শতহস্তের দুর্গা মাকে দেখতে এবার প্রায় তিনলাখ মানুষ আসবেন। প্রবালজয়ন্তি উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠানমালারও আয়োজন করেছি।
শাকিলা ববি/খাদিজা রুমি/
