ভারতের দিল্লিতে স্কুল বন্ধ রাখার উদ্দেশ্যে বোমা হামলার ভুয়া হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, ওই দিন ক্লাস বন্ধ করতেই স্কুলে বোমা রাখা হয়েছে বলে ই-মেইল পাঠিয়েছিল কিশোরীটি।
পুলিশের বরাতে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দিল্লির একটি স্কুলে ‘ভবনে বোমা রাখা হয়েছে’—এমন শিরোনামে একটি ই-মেইল আসে। রাজধানীর বিভিন্ন স্কুলে ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি পাওয়ার মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করে সাইবার পুলিশ।
দক্ষিণ দিল্লির উপকমিশনার অনন্ত মিত্তা জানান, সাইবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হংসরাজ স্বামীর নেতৃত্বে পুলিশের একটি দল ই-মেইলটির উৎস শনাক্তে কাজ করে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে বার্তা পাঠানো ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
তদন্তে উঠে আসে, অভিযুক্ত কিশোরী ওই স্কুলেরই শিক্ষার্থী। সেদিনের ক্লাস বন্ধ রাখার উদ্দেশ্যে সে ভুয়া বোমা হামলার হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে কিশোরীটি ই-মেইল পাঠানোর সময় ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারের কথা জানিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ আরও জানিয়েছে, কিশোরীটির বিরুদ্ধে কিশোর বিচার আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিল্লির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার বোমা হামলার হুমকি আসার প্রেক্ষাপটে দ্রুত তদন্তের মাধ্যমে এ ই-মেইলের উৎস শনাক্তের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পুলিশের মতে, প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল তথ্যপ্রমাণের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
The post ‘স্কুলে বোমা আছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর… appeared first on ভোরের চেতনা.
