ঢাকা শহরের একটি একান্নবর্তী পরিবারের টানাপোড়েনের গল্পে তৈরি হয়েছে মিনি সিরিজ ‘মায়ার সংসার’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. ওমর ফারুক। ২৬ অক্টোবর থেকে ইউটিউবে শুরু হবে সিরিজটির প্রচার। দেখা যাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সপ্তাহের সোম ও মঙ্গলবার দুপুর ১২ টা থেকে।
মায়ার সংসার নাটকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। এই পরিবারে রয়েছে মা-বাবা, তিন সন্তান ও অন্য সদস্যরা। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। দুই ছেলে পরিবারের সঙ্গে থাকলেও মা-বাবার খরচ দেয় না।
অন্যদিকে, পরিবারের একমাত্র মেয়ের বিয়ের বয়স হয়েছে। একপর্যায়ে ওই মেয়ে মা-বাবার জন্য সংগ্রামে নামে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী, সৈয়দ মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমাওয়ালার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন নাট্য নির্মাতা ও প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
মায়ার সংসার নিয়ে পরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘একটি পরিবারের গল্প দেখা যাবে সিরিজটিতে। যেখানে মনোমালিন্য আছে, সংগ্রাম আছে, আছে নীতির গল্প। দর্শকের ভালো লাগবে।’
ধারাবাহিকে ওই পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তিনি বলেন, ‘পরিবারের সংগ্রামের গল্প নিয়ে এই সিরিজ। আমার অভিনীত চরিত্রটিকে ঘিরেই মূল কাহিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। তার জীবনের সংগ্রাম দেখা যাবে এতে। মেয়েটি কারও করুণা ছাড়া নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করে। নাটকটিতে গুণী অনেক শিল্পী অভিনয় করেছেন। আমার বিশ্বাস, মায়ার সংসার সবাই পছন্দ করবে।’
