খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
হরমুজ প্রণালিতে ইরানের মাইনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে। আর এই জাহাজডুবির পর প্রণালিটিতে দামি পারমিউম আর আইফোন ভাসতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, এরপর থেকে অনেক ছোট নৌকা ওই জাহাজের কাছে গিয়ে সেগুলো কুড়িয়ে নিয়ে আবার বিক্রি করে দিচ্ছে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দামি পারফিউমের বোতল ও প্যাকেটসহ আইফোনগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
জিএফ প্রাইড নামে ওই জাহাজটি গতকাল বুধবার ডুবে যায়। এর আগে এটি একটি মাইনের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনার পর পর জাহাজে থাকা ২১ জন ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এতে জাহাজের ক্রুদের কেউ হতাহত না হলেও এটি ডুবে যায়। আর জাহাজটিতে আড়াই হাজার কনটেইনার ছিল। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, কার্গো জাহাজটি অননুমোদিত রুট দিয়ে চলছিল। তখন এটি মাইনের সঙ্গে ধাক্কা খায়। তবে নৌ কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে অজ্ঞাত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ফলে কী কারণে বিশাল জাহাজটি ডুবে গেলো সেটি এখনো স্পষ্ট নয়।
এই জাহাজডুবির আগে বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল, হরমুজে তারা নজরদারি বৃদ্ধি করবে। বাহিনীটি অভিযোগ করে, আমিরাতের সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে তেল পাচার করছে।
এছাড়া হরমুজে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডার পতাকাবাহী একটি জাহাজও ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর এটি হামলার শিকার হয়। ওই ঘটনায় এক ক্রু নিহত হন। আর বাকিদের উদ্ধার করা হয়।
সূত্র: দ্য সান
খুলনা গেজেট/উউরা
