গত মাসে গড়া শুবমান গিলের কীর্তি ছাপিয়ে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন হ্যারি ব্রুক। তার তাণ্ডবে রানের পাহাড়ে চড়ল ইংল্যান্ড। কিন্তু সেই পুঁজিও যথেষ্ট হলো না। অবিশ্বাস্য রান তাড়ায় অবিস্মরণীয় জয় তুলে নিল শ্রীলঙ্কা। ম্যাচের পর ইংলিশ অধিনায়ক ব্রুক বললেন, এটাই ক্রিকেট।
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার রাতে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে লঙ্কানরা। ব্যাটিংবান্ধব পিচে আগে ব্যাট করে ৪ উইকেটে ৪২৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৮ উইকেট খুইয়ে মাত্র ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।
বিফলে যায় ব্রুকের ২১ চার ও ১০ ছক্কায় সাজানো ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক ইনিংস। ৫০ ওভারের ক্রিকেটে তিনি দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন ১১৪ বলে। টপকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত মাসে গুয়াহাটিতে ভারতের অধিনায়ক গিলের ১১৭ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি।
এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির পরও হারের তেতো স্বাদ পান ব্রুক। ম্যাচের পর ভাঙা মন নিয়ে তিনি বলেন, ‘হৃদয়বিদারক। ৪৩০ রালের লক্ষ্য রক্ষা করতে না পারাটা অত্যন্ত হতাশাজনক। তবে এটাই জীবন, এটাই ক্রিকেট।’
রান তাড়ায় নেমে ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। এরপর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে ইংলিশদের উৎসবের মঞ্চে জল ঢেলে দেয় তারা।
১১ চার ও ২ ছক্কায় ৮৩ বলে ৯৭ রানের আগ্রাসী ইনিংসে ভিত গড়ে দেন ওপেনার আভিশকা ফার্নান্দো। চারে নেমে আক্রমণাত্মক সেঞ্চুরিতে ১৫ চার ও ৩ ছক্কায় ১০৬ বলে ১৩০ রান করে দলকে কক্ষপথে রাখেন পবন রত্নায়াকে। এরপর ঝড় তোলেন দাসুন শানাকা ও জানিথ লিয়ানাগে। ৮ ছক্কা ও ৬ চারে ৫০ বলে ৯৭ রান করেন পাঁচে নামা শানাকা। ছয়ে নেমে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন লিয়ানাগে। ছক্কা মেরে ম্যাচ শেষ করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়ায় দ্বিতীয় সর্বোচ্চ জয় এটি। তাই প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে কোনো কার্পণ্য করেননি ব্রুক, ‘৪৩০ রানের লক্ষ্য তাড়া করে জেতার ঘটনা সচরাচর দেখা যায় না, তাই শ্রীলঙ্কাকে টুপিখোলা অভিনন্দন, তারা অসাধারণ খেলেছে। আমরা বল হাতে নিজেদের দক্ষতা অনুযায়ী কার্যকর বোলিং করতে পারিনি এবং তারা সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে অবিশ্বাস্য খেলেছে।’
‘এটি চরম হতাশাজনক হলেও আমরা জানি ঠিক কোথায় আমাদের ভুলগুলো হয়েছে। এটা নিয়ে আমরা এখনই এবং আগামী দুই-এক দিনের মধ্যে বিস্তারিত আলোচনা করব। লাহোরে অনুষ্ঠেয় ফাইনালে পৌঁছানোর লক্ষ্য পূরণ করার জন্য পরবর্তী ম্যাচগুলোতে আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে,’ প্রত্যাবর্তনের আশা নিয়ে যোগ করেন ইংল্যান্ডের দলনেতা।
