রাজধানীর পল্লবীতে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুজন হলেন– মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর)বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনে এ ঘটনা ঘটে।
রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র উদ্ধার করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় ২০২৫ সালের ২৫ মে অস্ত্র আইনে একটি মামলা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।
অন্যদিকে শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
The post পল্লবীতে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেফতার appeared first on sokalerkhobor24.com.
