সংবাদ · সাধারণ
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক
২৪/১০/২০২৬

রণবীর
কাপুরের রক্তাক্ত হাত, চোখে চশমা, সামনে ভিন্টেজ গাড়ির স্টিয়ারিং—আর মুখজুড়ে রহস্য।
এমন লুকেই প্রকাশ্যে এসেছে সঞ্জয় লীলা বানশালীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড
ওয়ার’-এর প্রথম পোস্টার। রণবীরের নতুন এই অবতার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে
শুরু হয়েছে আলোচনা। সিনেমাটিতে প্রথমবারের মতো রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে
একসঙ্গে পর্দায় হাজির করছেন বানশালী।বানশালী
প্রোডাকশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয় রণবীরের ফার্স্ট লুক।
পোস্টারে দেখা যায়, ভিন্টেজ একটি গাড়ির চালকের আসনে বসে আছেন তিনি। পরনে সাদা টি-শার্ট,
চোখে চশমা ও মাথার চুল ছোট করে ছাঁটা। এক হাতে শক্ত করে স্টিয়ারিং ধরে রেখেছেন, অন্য
হাতটি রক্তাক্ত। তাঁর স্থির ও রহস্যময় দৃষ্টি পোস্টারে তৈরি করেছে আলাদা আবহ।পোস্টারের
সঙ্গে দেওয়া হয়েছে বিশেষ ক্যাপশন—‘ও রুতবা, ও রাউব, ও জুনুন!’ এরপর থেকেই রণবীরের লুক
নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।সিনেমাটির
অন্যতম প্রধান অভিনেতা ভিকি কৌশলও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই তো এসে গেল। আরকে! সঞ্জয় লীলা বানশালীর “লাভ অ্যান্ড ওয়ার”
আসছে ২১ জানুয়ারি ২০২৭। সিনেমায় দেখা হবে!’আলিয়া
ভাটও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন। তিন তারকার এই বহুল আলোচিত
জুটিকে প্রথমবার একই সিনেমায় দেখা যাবে। ফলে ঘোষণার পর থেকেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে
দর্শকদের আগ্রহ ছিল। রণবীরের প্রথম পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।এই সিনেমার
মাধ্যমে দীর্ঘ বিরতির পর সঞ্জয় লীলা বানশালীর সঙ্গে আবারও কাজ করছেন রণবীর কাপুর। ২০০৭
সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বানশালীর পরিচালনায় বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর।
প্রায় দুই দশক পর আবারও সেই নির্মাতার সঙ্গে কাজ করছেন অভিনেতা। অন্যদিকে ‘গাঙ্গুবাই
কাঠিয়াওয়াড়ি’র পর বানশালীর সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করছেন আলিয়া।রণবীর-ভিকি
কিংবা আলিয়া-ভিকির জুটি অবশ্য দর্শকদের কাছে নতুন নয়। রাজকুমার হিরানির ‘সঞ্জু’ সিনেমায়
একসঙ্গে অভিনয় করেছেন রণবীর ও ভিকি। অন্যদিকে মেঘনা গুলজারের ‘রাজি’তে দেখা গেছে আলিয়া
ও ভিকিকে। এবার তিন তারকাকে একই সিনেমায় হাজির করছেন বানশালী।ইতোমধ্যে
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং শেষ হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে শুটিং শুরু হওয়ার পর চলতি
বছরের সেপ্টেম্বরের দিকে মূল শুটিংয়ের কাজ শেষ হয়।সিনেমার
গল্প নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে
এটিকে পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে রণবীর ও ভিকিকে
ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে। যুদ্ধের প্রেক্ষাপটে তাঁদের
জীবনের সঙ্গে জড়িয়ে পড়বে আলিয়ার চরিত্র। সেখান থেকেই এগিয়ে যাবে প্রেম, সম্পর্ক ও সংঘাতের
গল্প।
সঞ্জয়
লীলা বানশালী ও ইলা বেদী দত্তের লেখা সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন
সুপ্রিয়া পাঠকও। সব ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ
অ্যান্ড ওয়ার’।
মূল প্রতিবেদনে যান ↗