কালবেলা · খেলাধুলা
পিএসজির বিপক্ষে ম্যাচের আগে বার্সা শিবিরে দুশ্চিন্তা
১৮/১০/২০২৬

রিয়াল বেতিসের ঘরের মাঠ লা কারতুহা স্টেডিয়ামে ৫-২ ব্যবধানে জয় পেলেও বার্সেলোনা শিবিরে উঁকি দিচ্ছে দুশ্চিন্তা। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হওয়ার মাত্র তিন দিন আগে লা লিগার নবম রাউন্ডের এই ম্যাচে চোট পেয়েছেন এরিক গার্সিয়া, জেরার্ড মার্তিন ও জুলস কুন্দে।
স্প্যানিশ রেডিও ক্যাডেনা এসইআর-এর সাংবাদিক সান্তি ওভালের বরাতে গোলডটকম জানিয়েছে, প্রাথমিক উপসর্গ দেখে ইনজুরিগুলো খুব গুরুতর নয়। আগামী রবিবার তিনজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং এই হাইভোল্টেজ ইউরোপীয় লড়াইয়ে তাদের মাঠে নামার সম্ভাবনা কতটা, তা তখনই নিশ্চিত হওয়া যাবে।
বার্সা কোচ হান্সি ফ্লিকের কোচিং স্টাফদের সবচেয়ে বেশি ভাবাচ্ছেন এরিক গার্সিয়া। বেতিসের বিরুদ্ধে ম্যাচের একদম শেষ মুহূর্তে ডান উরুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন এই ডিফেন্ডার।
হাফ-টাইমে জেরার্ড মার্তিনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন গার্সিয়া। খেলা চলাকালেই বারবার নিজের উরু চেপে ধরতে দেখা যায় তাকে। ব্যথা না কমায় শেষপর্যন্ত মাঠে শুয়ে পড়ে মাঠ ছাড়ার সংকেত দেন তিনি।
প্রাথমিক অনুমান অনুযায়ী চোটটি পেশির সামান্য আঘাতের বেশি কিছু নয়, তবে চূড়ান্ত ডায়াগনোসিস নিশ্চিত করতে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে বার্সেলোনা। অবশ্য সুস্থ হয়ে ওঠার জন্য খুব কম সময় পাওয়ায় পিএসজির বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।
ম্যাচের প্রথমার্ধেই সমস্যায় পড়েন মার্তিন। কষ্ট সহ্য করেই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার জায়গায় নামানো হয় গার্সিয়াকে।
অন্যদিকে, ম্যাচ শেষ করার পর কিছুটা অস্বস্তি অনুভব করেছেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। তবে তার চোট নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ বেশ ইতিবাচক, বড় কোনো সমস্যা হওয়ার শঙ্কা নেই বলেই ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক এগোলে কুন্দে ও মার্তিন- উভয়েই প্যারিস সফরের দলে অন্তর্ভুক্ত হতে পারেন।
সূত্র: গোলডটকম।
মূল প্রতিবেদনে যান ↗