স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রাজধানীর ক্লাব নটরডেমিয়ান্সে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে ক্লাবটির ফাদার পিশোতো অডিটোরিয়ামে এ আয়োজন করে নটরডেমিয়ান-৯৯। অক্টোবরে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত আলোচনায় স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্যাভ্যাস নিয়েও আলোচনা করা হয়।
ক্লাবের সদস্য ও পরিবারদের নিয়ে এ আয়োজনে আগ্রহীদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাব নটরডেমিয়ান্সের সভাপতি ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান নাসের বখতিয়ার। মূল আলোচনা উপস্থাপন করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আমান রেজা। সেশনে একাধিক ক্যান্সার বিশেষজ্ঞ অংশ নেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য কুইজের আয়োজন করা হয়। সেশনে আলোচিত বিষয়গুলোর ওপর প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
