ঢাকা,১৮ অক্টোবর-শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের পাশাপাশি সারা বিশ্বের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
রোববার এক শুভেচ্ছাবার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শরতের উজ্জ্বল আলোয় আশ্বিনের শেষভাগে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
স্পিকার তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে ধর্মীয় সম্প্রীতির এক বিশাল উৎসবের পরিবেশ তৈরি হয়। এই উৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান সব ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার দূর হয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন ভোরের সূচনা হোক। শাশ্বত বাংলার দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন থাকুক, এটাই তাঁর প্রত্যাশা।
বাণীতে স্পিকার আরও বলেন, উৎসবের এই দিনগুলো সবার জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক এবং আগামী দিনগুলোকে আরও সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর করে তুলুক। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ সমৃদ্ধ হয়ে উঠুক। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হোক।
স্পিকার বলেন, সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির এই মহান চেতনাকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
