মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার
- আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার সিংহগ্রামের একটি বসতঘরের মেঝে থেকে বিষধর পদ্মগোখরো সাপের ১৩টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় বাসিন্দা মোঃ রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ ঘরের মেঝেতে ইঁদুরের গর্তের ভেতর সাপের উপস্থিতি টের পান রোমান মিয়ার পরিবারের সদস্যরা। বিষয়টি তারা স্থানীয়দের জানালে বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরবর্তীতে উদ্ধারকারী সুলেমানের দক্ষ নেতৃত্বে এবং স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে ইঁদুরের গর্ত থেকে একে একে ১৩টি পদ্মগোখরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপগুলোকে ইতোমধ্যে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
বসতঘরের অন্দরে বিষধর সাপের আস্তানার খবরে আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অহেতুক ভীত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উদ্ধারকারী দল। সাপের উপদ্রব এড়াতে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এলাকায় কোনো বিষধর সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে নিজে থেকে আঘাত না করে দ্রুত দক্ষ উদ্ধারকর্মীদের খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


